নতুন করে প্রায় ৪০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৫টি দেশ। এর মধ্যে শুধু জার্মানিই গ্রহণ করবে ২৫ হাজার শরণার্থীকে। আর নেদারল্যান্ডস তিন হাজার ১৫৯ জন এবং ফ্রান্স ও স্পেন উভয়ে আড়াই হাজার করে শরণার্থীকে আশ্রয় প্রদান করবে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে ঘোষণাটি দিয়েছেন ইউরোপের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলভা জোহানসন।
তিনি জানিয়েছেন, এটি সংহতির পক্ষে প্রশংসনীয় একটি কাজ এবং নিয়ন্ত্রিত উপায়ে আরও বেশি আফগানকে আশ্রয় দেওয়া ‘অবৈধ অভিবাসন’ ঠেকাতে সাহায্য করবে।
এর আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আগামী পাঁচ বছরে সাড়ে ৪২ হাজার আফগানকে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। যদিও সে সময় এতে আপত্তি জানায় ইইউর কয়েকটি সদস্য দেশ।
গেল ১৫ আগস্ট কট্টর ইসলামিক সংগঠন তালেবান যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে আনুমানিক ৮৫ হাজার আফগান পালিয়ে ইইউর কাছাকাছি দেশগুলোতে আশ্রয় গ্রহণ করেছেন। ভয়াবহ খরার কারণে সেখানে নতুন করে শরণার্থীর ঢল নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টানা ২০ বছরের যুদ্ধে ইতি টেনে আফগানিস্তান থেকে পশ্চিমা বাহিনীর বিদায় এবং তালেবানের পুনরুত্থানের পর ইইউর ২৭ সদস্যের মধ্যে ২৪টি দেশে আশ্রয় পেয়েছেন অন্তত ২৮ হাজার আফগান। যদিও ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি সতর্ক করেছেন, ইইউর বাইরে চরম দুরবস্থায় থাকা ৮৫ হাজার আফগানের এখনই পুনর্বাসন দরকার। এদের অন্তত অর্ধেককে আশ্রয় দিতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ইলভা জোহানসনও বিষয়টিকে ‘সম্ভবপর’ বলে বর্ণনা করেছিলেন। এরপরও সদস্য দেশগুলোকে বারবার তাগাদা দিতে হয়েছে। অবশেষে বৃহস্পতিবারের বৈঠকের পর গ্রহণযোগ্য শরণার্থীর সংখ্যা জানালেন তিনি।
যদিও শুধু আফগানদেরই আশ্রয় দিচ্ছে না ইউরোপ, এটি ইইউর সদস্য দেশগুলোতে ৬০ হাজার মানুষকে পুনর্বাসন ও মানবিক সহায়তা প্রদান প্যাকেজের একটি অংশ মাত্র। ফ্রান্স ও সুইডেন বিভিন্ন দেশের যথাক্রমে পাঁচ হাজার ও চার হাজার ২০০ মানুষকে আশ্রয় দিতে চেয়েছে। বেলজিয়াম বলেছে, তারা ৪২৫ আফগান ও এক হাজার ২৫০ জন অন্য দেশের নাগরিককে আশ্রয় প্রদান করবে।
কিন্তু এসব লোকের পুনর্বাসন কবে নাগাদ শুরু হবে, তা জানাননি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এ কর্মকর্তা।
সূত্র : এএফপি